আসন্ন বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে মাওলানা সাদ ও জুবায়েরপন্থিদের মধ্যে বিরোধ চরমে পৌঁছেছে। ২০ ডিসেম্বর থেকে সাদপন্থিরা ইজতেমা ময়দানে পাঁচ দিনের জোড় ইজতেমা আয়োজনের পরিকল্পনা করেছেন। কিন্তু সরকারের অনুমোদন না থাকায় এ ইজতেমা নিয়ে বিরোধিতায় নামেন জুবায়েরপন্থিরা।
এই বিরোধের জের ধরে শুরায়ে নেজামের (জুবায়েরপন্থি) সদস্য মোহাম্মদ হোসেন ১৫ ডিসেম্বর টঙ্গী পশ্চিম থানায় সাদপন্থি শীর্ষ মুরুব্বি সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলায় বলা হয়, টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানের পার্শ্ববর্তী স্টেশন রোডে শান্তিপূর্ণ ধর্মঘট চলাকালে তাবলিগের সাথি ও তৌহিদী ছাত্র-জনতার ওপর গাড়ি তুলে দিয়ে হত্যাচেষ্টা করা হয়। এই ঘটনায় সাঈদ আহমদ নামের একজন মারাত্মকভাবে আহত হন।
এর আগে ১২ ডিসেম্বর জুবায়েরপন্থিরা ২০১৮ সালের ইজতেমায় দুই মুসল্লির মৃত্যুর ঘটনায় সাদপন্থিদের অভিযুক্ত করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এ সময় সাদপন্থিদের সঙ্গে হামলার ঘটনা ঘটলে পাঁচজন আহত হন এবং ৩৪ জনকে শনাক্ত করে সাদপন্থিরা মামলা করেন।
এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান জানান, উভয় পক্ষের দুটি মামলা রেকর্ড করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ পরিস্থিতিতে, উভয়পক্ষ পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, সমাবেশ ও নানা কর্মসূচি পালন করছে। যা আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা সৃষ্টি করেছে। ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি এবং ৭ থেকে ৯ ফেব্রুয়ারি, ২০২৪ সালের বিশ্ব ইজতেমার প্রথম ও দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ২০ ডিসেম্বর সাদপন্থিরা তাদের জোড় ইজতেমা শুরু করার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু জুবায়েরপন্থিরা তা বিরোধিতা করছেন।